চকরিয়ায় লেনদেনের জেরে ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী নিহত
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি-কক্সবাজারের চকরিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ড বাজার পাড়ায় যৌথ মাছ ব্যবসার আর্থিক লেনদেনের বিরোধের জের ধরে ছুরিকাঘাতে মনির আহমদ (৪৫) নামের একজন মাছ ব্যবসায়ী খুন হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) রাত ১১টার দিকে চকরিয়া পৌরসভা ১ নম্বর ওয়ার্ড বাজার পাড়া এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।
নিহত মাছ ব্যবসায়ী মনির আহমদ (৪৫) চকরিয়া পৌরসভা ১নম্বর ওয়ার্ড বাজার পাড়া এলাকার আবু ছিদ্দিকের ছেলে।
চকরিয়া থানা পুলিশ জানায়.যৌথ মাছ ব্যবসায় আর্থিক লেনদেনের বিরোধকে কেন্দ্র করে একই এলাকার গনি মিয়ার ছেলে আজাদ বাবু (২২) ও মারুফ (২৭) এর ছুরির আঘাতে মনির আহমদ নিহত হয়। ঘটনায় পর জড়িতরা পালিয়ে যায়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুল ইসলাম জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে হাসপাতাল নিয়ে আসা হয়েছে। তিনি আরো জানান,সুরতহাল রিপোট তৈরি করে পোস্টমর্টেমের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশ টিম অভিযান অব্যহত রেখেছে।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































